মৌলিক মানবিক চাহিদা কী? ধারণা, গুরুত্ব, প্রকারভেদ ও বাংলাদেশের প্রেক্ষাপট

মৌলিক মানবিক চাহিদা কী, এর ধারণা, সংজ্ঞা, গুরুত্ব, প্রকারভেদ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলিক মানবিক চাহিদার সম্পূর্ণ আলোচনা পড়ুন।
মৌলিক মানবিক চাহিদা কী? ধারণা, গুরুত্ব, প্রকারভেদ ও বাংলাদেশের প্রেক্ষাপট


চাহিদার ধারণা (Concept Needs)

চাহিদা শব্দের অর্থ প্রয়োজনীয়তা। মানুষ জীবন ধারণে যে বিষয়গুলো পূরণ করা জরুরি মনে করে, তাই চাহিদা। চাহিদা একটি আপেক্ষিক প্রত্যয়। কেননা স্থান-কাল-পাত্র, সমাজ ও সংস্কৃতিভেদে এর মাঝে ভিন্নতা দেখা যায়। মূলত সমাজবিজ্ঞানীগণ 'চাহিদা' প্রত্যয়টির ব্যাখ্যায় মানুষের মৌলিক মানবিক চাহিদার কথাই উল্লেখ করেছেন।

রবার্ট এল. বার্কার (Robert L. Barker) তার সমাজকর্ম অভিধানে চাহিদা সম্পর্কে উল্লেখ করেছেন, "চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন, যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য।"

(Need may be defined as- Physical, psychological, economic, cultural and social requirements for survival, well-being and fulfillment.)

ব্রিটিশ সমাজবিজ্ঞানী গর্ডন মার্শাল (Gordon Marshall)-এর মতে, "চাহিদা হলো এমন কিছু যা অপরিহার্য বিবেচনা করা হয়, বিশেষ করে এমন কিছু প্রয়োজন যা কোনো ব্যক্তির, কোনো সংগঠনের বা অন্যকিছুর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যাবশ্যক হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, চাহিদা প্রত্যয়টির মধ্যেই তা যে অবশ্য পূরণীয় এ অর্থ নিহিত রয়েছে।"

(A need is something that is deemed necessary, especially something that is considered necessary for the survival of the person, organization or whatever... the concept itself suggests that need ought to be satisfied.)

সুতরাং বলা যেতে পারে, মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য যেসব প্রয়োজনীয়তা অনুভূত হয় তাই চাহিদা। তবে সব ধরনের চাহিদা মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়। প্রধানত দৈহিক বৃদ্ধি ও বিকাশ (Physiological Growth and Development) এবং সামাজিক জীবনের উৎকর্ষতা (Development of Social Life) এর জন্য যেসব চাহিদা পূরণ অপরিহার্য সেগুলোই মৌলিক মানবিক চাহিদার পর্যায়ভুক্ত।

মৌলিক মানবিক চাহিদা (Concept of Human Needs)

ডেভিড জেরি এবং জুলিয়া জেরি প্রণীত কলিন্স সমাজবিজ্ঞান অভিধানের (Collins Dictionary of Sociology) ব্যাখ্যানুসারে, “মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা, মানবিক গুণাবলির কারণে সব মানুষ যা পূরণ কার্যক্রমে অংশগ্রহণ করে। সমাজজীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণে মৌলিক চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়।”

(Basic human needs is the conception that all human being share fundamental needs by virtue of their humanity. The fulfillment of these basic needs is seen as an essential precondition for full participation in social life.)

সংক্ষেপে বলা যায়, সুস্থ ও স্বাভাবিক জীবন-যাপনের যে সকল প্রয়োজন পূরণ করা একান্ত অপরিহার্য এবং যার কোনো বিকল্প নেই সে সকল প্রয়োজনসমূহের সমষ্টিই হচ্ছে মৌল মানবিক চাহিদা। এককথায়, প্রত্যেক মানবশিশু মানুষ হয়ে পৃথিবীতে আসার ফলে যেসব চাহিদা পূরণ আবশ্যক হয়ে পড়ে, তাই মৌল মানবিক চাহিদা। পৃথিবীর অন্য কোনো প্রাণীর মৌলিক চাহিদার প্রয়োজন হয় না। জৈবিক চাহিদা পূরণ তাদের জীবনধারণের জন্য যথেষ্ট। কিন্তু মানবশিশুকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মৌলিক বা জৈবিক চাহিদার পাশাপাশি মানবিক বা সামাজিক চাহিদা পূরণ করতে হয়। তাই মৌলিক মানবিক চাহিদা মূলত দুই ধরনের চাহিদার সমন্বয়। যথা—

ক. মৌলিক চাহিদা (Basic Needs): মানুষের বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্যভাবে পূরণ করা প্রয়োজন এমন চাহিদাগুলোই মৌলিক চাহিদা। এসব চাহিদাকে জৈবিক চাহিদাও বলা হয়। যেমন— খাদ্য (Food), ঘুম (Sleep), যৌনপ্রবৃত্তি (Sex) প্রভৃতি।

খ. মানবিক চাহিদা (Human Needs): সুস্থ ও সামাজিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য চাহিদাগুলোই মানবিক চাহিদা। এসব চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়। যেমন— বস্ত্র (Clothing), বাসস্থান (Shelter), শিক্ষা (Education), স্বাস্থ্য (Health), চিত্তবিনোদন (Recreation), ব্যক্তিস্বাধীনতা (Individual Freedom), ধর্ম (Religion), নিরাপত্তা (Security), স্নেহ ও ভালোবাসা (Love & Affection) প্রভৃতি।

বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা

মৌলিক চাহিদা ও মানবিক চাহিদা এই দুই চাহিদার সমন্বয়ে মৌল মানবিক চাহিদার উদ্ভব হয়। বিশ্বব্যাপী মৌল মানবিক চাহিদা অপরিবর্তনীয় বিষয়। তাই পণ্ডিতগণ মৌল মানবিক চাহিদা নির্দিষ্ট করেছেন।

সমাজবিজ্ঞানী শার্লট টাওলে (Charlotte Towle) তার 'Common Human Needs' গ্রন্থে মানুষের ছয়টি অপরিহার্য মৌলিক চাহিদার কথা উল্লেখ করেছেন। যথা—

  1. খাদ্য (Food),
  2. বস্ত্র (Clothing),
  3. আবাসন বা আশ্রয় (Shelter),
  4. শিক্ষা (Education),
  5. স্বাস্থ্য (Health) ও
  6. চিত্তবিনোদন (Recreation)।

বাংলাদেশের সংবিধানের ১৫ (ক, গ ও ঘ) ধারা অনুযায়ী অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন এবং সামাজিক নিরাপত্তাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

নিম্নের চিত্রের সাহায্যে মৌলিক মানবিক চাহিদাগুলো নিচে দেখানো হলো—

মৌলিক মানবিক চাহিদা কী? ধারণা, গুরুত্ব, প্রকারভেদ ও বাংলাদেশের প্রেক্ষাপট


উল্লিখিত চাহিদা ছাড়াও কিছু গৌণ চাহিদা রয়েছে। যেগুলো মানুষের পক্ষে পূরণ করার প্রয়োজনীয়তাও মানুষের মাঝে দেখা যায়। যেমন— ধর্ম, স্নেহ-মমতা, প্রেম-ভালোবাসা, স্বাধীনতা, আবেগ, সাহচর্য প্রভৃতি।

সুতরাং বলা যায়, মানুষের বেঁচে থাকা, দৈহিক ও মানবিক বিকাশ সাধন এবং সুস্থ ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপনের জন্য যা একান্তভাবে প্রয়োজন এবং যার কোনো বিকল্প নেই তাই হলো মৌলিক মানবিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদার সূত্রপাত হয় মূলত জন্মের পর পরই। পরবর্তীতে শিশু যখন পরিবার, দল ও সমাজের সাথে কাজ করা শুরু করে তখন মানবিক বা সামাজিক চাহিদা পূরণের প্রয়োজন পড়ে। এসব চাহিদাই মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায় জীবনভর।



লেখক সম্পর্কে

It's Tamim
I am a profational seo expert.

Post a Comment

Do not write spam comment