কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয় জগতে আসা সুমনা ইয়াসমিন, যিনি সায়মা নামে পরিচিত, অল্প সময়ের মধ্যেই নাট্যাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তবে বিয়ের পর অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই তরুণ অভিনেত্রী।

গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি আর মিডিয়ায় কাজ করছেন না। পাশাপাশি মিডিয়া-সংক্রান্ত কোনো কাজের জন্য যোগাযোগ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে করেন সায়মা। তার স্বামীর নাম রাসেল খান, যিনি লন্ডনপ্রবাসী। বিয়ের পর স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন এই অভিনেত্রী।
সায়মার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিনয় জীবনে ‘হরবোলা’, ‘সাথী’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
এক সাক্ষাৎকারে সায়মা জানিয়েছিলেন, অভিনয়ে আসার পরিকল্পনা আগে থেকে ছিল না। ২০২৫ সালের ৩ জুলাই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুতে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে ভিডিও তৈরি করতেন। পরে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পান, যা তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। প্রায় এক বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।
গাজীপুরে জন্ম ও বেড়ে ওঠা সায়মার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
Copyright:
dailyinqilab.com
